সেবি স্বীকৃত ব্রোকিং অ্যাপে শীঘ্রই ভেরিফিকেশন মার্ক চালু করবে গুগল, বিনিয়োগকারীদের সুরক্ষায় বড় পদক্ষেপ

মুম্বই, ১১ অক্টোবর — অনলাইন ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রতারণা রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে গুগল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর অনুরোধে গুগল প্লে স্টোরে শীঘ্রই চালু হতে চলেছে ‘ভেরিফিকেশন টিক’ ফিচার, যা শুধুমাত্র সেবি-স্বীকৃত ব্রোকিং অ্যাপগুলির জন্য প্রযোজ্য হবে।

SEBI-এর হোলটাইম মেম্বার কমলেশ চন্দ্র বর্ণে শনিবার বম্বে স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স ফোরামের এক অনুষ্ঠানে জানান, “প্লে স্টোরে যখন কেউ ব্রোকিং অ্যাপ খুঁজবেন, তখন সেবি-রেজিস্টার্ড অ্যাপগুলির পাশে একটি টিক মার্ক থাকবে। এতে বিনিয়োগকারীরা সহজেই আসল ও ভুয়ো অ্যাপের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন।”

এই ফিচার আগামী দুই মাসের মধ্যে গুগল প্লে স্টোরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়বে এবং সাইবার প্রতারণার ঝুঁকি কমবে বলে মনে করছে সেবি।

SEBI আরও জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গেও আলোচনা চালাচ্ছে, যাতে অন্যান্য অ্যাপ স্টোরেও একই ধরনের যাচাইকরণ ব্যবস্থা চালু করা যায়। পাশাপাশি, ‘SEBI vs Scam’ ক্যাম্পেইন এবং ‘Valid UPI’ উদ্যোগের মতো আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য।