বিনিয়োগের ক্ষেত্রে ‘ফোমো’ বা সুযোগ হারানোর ভয়ে অথবা অতি উৎসাহের বশে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন কোটাক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নীলেশ শাহ। কোটাক প্রাইভেট ব্যাংকিং-এর স্পেশাল থিংক ট্যাংক প্ল্যাটফর্ম ‘ট্যাক্ট’ (TACT)-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের কখনোই এমন কোম্পানিতে বিনিয়োগের পেছনে ছোটা উচিত নয় যেখানে বিক্রেতারা সেই বিনিয়োগকে ‘জীবনের একমাত্র সুযোগ’ হিসেবে প্রচার করে। তাঁর মতে, একটি সুযোগ হাতছাড়া হলে তাতে এমন কোনো অপূরণীয় ক্ষতি হবে না। ট্রেন যেমন একটার পর একটা আসতে থাকে, তেমনই বাজারে নতুন বিনিয়োগের সুযোগও সবসময়ই আসতে থাকবে। ভুল বিনিয়োগের খেসারত দেওয়ার চেয়ে ভালো সুযোগ হাতছাড়া হওয়া অনেকক্ষেত্রেই নিরাপদ।
ভবিষ্যতে স্টার্টআপ ও বড় তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ব্যবধান মুছে যাবে বলে মন্তব্য করেন শাহ। তাঁর মতে, এখন অনেক বড় ও প্রতিষ্ঠিত তালিকাভুক্ত কোম্পানি তাদের কাঠামোর বাইরে গিয়ে আলাদা স্টার্টআপের মতো ইনোভেশন ইউনিট বা গবেষণা দল তৈরি করছে। এই দলগুলিকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে উদ্ভাবনের কাজে লাগানো হচ্ছে। ফলে কেবল প্রাইভেট স্টার্টআপেই নয়, বড় কোম্পানির মধ্যেও আগামী দিনের বৃদ্ধির সম্ভাবনা লুকিয়ে রয়েছে।
পাশাপাশি, ভারতে প্রাইভেট ইক্যুইটির ইতিহাস সম্পর্কে তিনি বলেন যে, ভারতে প্রাতিষ্ঠানিক তহবিল আসার অনেক আগে থেকেই পরিবার ও সম্পর্কের ভিত্তিতে অনানুষ্ঠানিক প্রাইভেট ইক্যুইটির কালচার ছিল। এখন পারিবারিক সেই পুঁজি বা বিনিয়োগগুলো আরও পেশাদার এবং সংগঠিত রূপ ধারণ করছে। পরিশেষে বিনিয়োগকারীদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন নীলেশ শাহ।
ভুল বিনিয়োগের চেয়ে সুযোগ হাতছাড়া হওয়া ভালো- জানালেন নীলেশ শাহ
