শান্তিপুরের এক গৃহত্তের বাড়িতে এবার মা দুর্গা অবতীর্ণ হলেন স্নিগ্ধ দ্বিভুজা শিবোদুর্গা রূপে! নদীয়া তথা শান্তিপুরে এই প্রথমবার এমন অনন্য রূপে পূজিত হচ্ছেন উমা। প্রায় ৮ ফুট উচ্চতার এই অপরূপ দেবী প্রতিমা কোনো কুমোরটুলি থেকে আসেনি, নিজের হাতেই পরম যত্নে গড়ে তুলেছেন শান্তিপুরের যুবক অতনু বিশ্বাস। শুনলে অবাক হলেও এমনই বিস্ময়কর দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
শারদোৎসবে চেনা রূপের বাইরে গিয়ে শান্তিপুরে এক অনন্য ও ঐতিহ্যবাহী ভাবনার সাক্ষী থাকলেন দর্শনার্থীরা। যেখানে দশহাতে অস্ত্র ধরে অসুর দলন নয়, শান্ত ও স্নেহময়ী রূপে শিবকে সাথে নিয়ে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। নদীয়া শান্তিপুরের বাসিন্দা অতনু বিশ্বাসের বাড়িতে এই বছর আয়োজন করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন ধরনের এই দুর্গোৎসব। শান্তিপুর তথা গোটা নদীয়া জেলায় যা কার্যত নজিরবিহীন। সাধারণত আমরা যে মহিষাসুরমর্দিনী রূপ দেখে অভ্যস্ত, তার বদলে এখানে মা দুর্গা ধরা দিয়েছেন শিবোদুর্গা মূর্তিতে। দেবীর কোনো দশটি হাত বা অস্ত্র নেই, তিনি দ্বিভুজা ও বরাভয়দায়িনী। সবচেয়ে নজরকাড়া বিষয় হলো, প্রায় ৮ ফুট উচ্চতার এই বিশালাকার দেবী প্রতিমাটি গড়ে তুলতে কোনো পেশাদার মৃৎশিল্পীর দ্বারস্থ হতে হয়নি। বাড়ির ছেলে অতনু বিশ্বাস নিজেই দীর্ঘ পরিশ্রম ও একাগ্রতায় নিজের হাতে তৈরি করেছেন এই অপরূপ শিবোদুর্গা মূর্তি।
