বারাসত থেকে শিয়ালদহ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হল এসি লোকাল ট্রেন পরিষেবা। বৃষ্টিভেজা সকালে প্রথম দিনেই এই নতুন পরিষেবা ঘিরে যাত্রীদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। অনেকেই পরিবার নিয়ে প্রথমবারের মতো এসি লোকালে যাত্রা করেন, কেউ আবার প্রতিশ্রুতি রক্ষা করতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে ট্রেনে ওঠেন।
উত্তর ২৪ পরগনার বারাসত থেকে কলকাতার শিয়ালদহ পর্যন্ত এই এসি লোকালের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। ট্রেনটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং সকাল ১১টা ২৯ মিনিটে বারাসত থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। মধ্যমগ্রাম ও বিরাটি হয়ে ট্রেনটি শিয়ালদহে পৌঁছাবে। এই পরিষেবার ফলে হাসনাবাদ শাখাসহ আশপাশের নিত্যযাত্রীরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
রেল সূত্রে জানা গেছে, পরিষেবা শুরুর দিন যাত্রী সংখ্যা সন্তোষজনক ছিল। বহু যাত্রী প্রথমবার এসি লোকালের আরামদায়ক যাত্রা উপভোগ করেন। যাত্রীদের মতে, শহরের তীব্র গরম ও ভিড়ের মধ্যে এই পরিষেবা বড় স্বস্তি এনে দেবে।
বারাসতের বাসিন্দা দেবব্রত বসু তাঁর পরিবারের সঙ্গে প্রথম দিনে যাত্রা করে জানান, স্ত্রীর কাছে দেওয়া কথা রাখতে তিনি এই দিনটিকে বিশেষভাবে বেছে নিয়েছেন। তাঁর স্ত্রী দেবাঙ্গী জানান, গরমের শহরে এই ধরনের পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয়, যদিও ভাড়া কিছুটা কম হলে ভালো হতো বলে মত প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী দিনে রেলের শীর্ষ আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন এই এসি লোকাল পরিষেবা নিত্যযাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও সময়োপযোগী করে তুলবে।
