আসতে চলেছে নতুন গাইডলাইন

একটু কোনো শারীরিক অসুবিধা হলেই আমরা আগেই ওষুধ খেয়ে নি। রোগ-অসুখ হলে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়াই দস্তুর। কিন্তু এখন সামান্য জ্বর জারি হলেই অনেকে মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খান। কিন্তু এতে যে শরীরে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে তা টের পাচ্ছেন না কেউই।

সমীক্ষায় ধরা পড়েছে, বিভিন্ন হাসপাতালে উত্তরোত্তর বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে এবার তাই নতুন গাইডলাইন আনছে কেন্দ্র। বেলেঘাটার নিরবি-তে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের পরীক্ষার আগেই ওষুধ প্রয়োগের প্রবণতা রুখতে জোর কদমে চলছে নতুন গাইডলাইন তৈরির কাজ। এই অতিরিক্ত ব্যবহারের জেরে ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে জীবাণু। ফলে ভবিষ্যতে সংক্রমণ চিকিৎসা আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।