চালু হতে চলেছে নয়া নিয়ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার কর্মীদের পালা করে অফিস যেতে হবে। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তথা পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শনিবার, রবিবার, এমনকি সরকারি ছুটির দিনগুলিতেও উচ্চপদস্থ আধিকারিকরা সরকারি কাজ করেন। সেই কারণে এবার প্রয়োজন অনুসারে দফতরের বিভিন্ন শাখাকেও সহায়তা দিতে হতে পারে।

সংশ্লিষ্ট দফতরের প্রত্যেক শাখাকে নির্দেশ, শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনগুলিতে পালা করে (রোস্টার ভিত্তিতে) নূন্যতম সংখ্যক কর্মীকে অফিসে উপস্থিত থাকতে হবে। সরকারি কাজ যাতে বিনা বাধায় সুষ্ঠুভাবে চলতে পারে, সেই কারণেই এই পদক্ষেপ। জানা গিয়েছে, রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের উপর ভিত্তি করে দফতরের বিশেষ সচিব এই বিজ্ঞপ্তি জারি করেছেন।