মাদকাসক্তি রুখতে শিলিগুড়িতে ABVP-র জনসচেতনতা অভিযান

কলেজ ক্যাম্পাস ও সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আজ শিলিগুড়িতে মাদকবিরোধী র‍্যালির আয়োজন করে ABVP শিলিগুড়ি। শিলিগুড়ি কলেজের প্রথম গেট থেকে র‍্যালিটি শুরু হয়। সংগঠনের সদস্য, ছাত্র-ছাত্রী এবং সমর্থকেরা এতে অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রীদের মধ্যে নেশাজাতীয় দ্রব্যের সহজলভ্যতা এবং মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে নেশার কুফল সম্পর্কে অবহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

র‍্যালি চলাকালীন অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজের সকল স্তরের মানুষকে এই সামাজিক সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংগঠনের আশা, এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে যুবসমাজের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া।