প্রেসক্রিপশনে নেই রেজিস্ট্রেশন নম্বর, হালিশহরে পাঁচ বছর ধরে ভুয়ো চিকিৎসার অভিযোগ!

চিকিৎসকের বৈধ পরিচয় ও প্রয়োজনীয় নথি ছাড়াই দীর্ঘ পাঁচ বছর ধরে চিকিৎসার কারবার চালানোর অভিযোগ উঠল হালিশহরে। অভিযোগের কেন্দ্রে নৈহাটির হাজিনগর এলাকার বাসিন্দা সাবির আলী। হালিশহর ১৬ নম্বর ওয়ার্ডে ইব্রাহিম মসজিদ সংলগ্ন একটি লজের নিচে তাঁর বিরুদ্ধে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি অবৈধভাবে ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, সাবির আলীর দেওয়া প্রেসক্রিপশনে কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ নেই। তা সত্ত্বেও কীভাবে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে এমন অভিযোগ সামনে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায় সরব হয়েছেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি স্পষ্ট জানিয়েছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে এবং পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

বিধায়কের দাবি, অভিযুক্ত ব্যক্তির কাছে চিকিৎসা করার বৈধ অনুমতি ও প্রয়োজনীয় নথিপত্র না থাকলে তাঁর বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নিতে হবে। এখন দেখার, এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ করে এবং তদন্তে কী তথ্য উঠে আসে।