শিলিগুড়ির জলপাইমোড়ে গোরু-পা*চার সন্দেহে আটক ১

গোরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। একটিয়াসাল বাজারের ঘটনা পুরোপুরি শান্ত হওয়ার আগেই এবার জলপাইমোড় এলাকায় গোরু পাচারের সন্দেহে এক ব্যক্তিকে আটক করল স্থানীয়রা।  

জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে গোরু পরিবহনের কাগজপত্র দেখতে চাওয়া হলে তা নিয়ে সন্দেহ দানা বাঁধে। এরপরই স্থানীয়রা দ্রুত প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র পরীক্ষা করে। প্রাথমিক তদন্তে অনিয়মের আশঙ্কায় চারটি গোরু জব্দ করা হয় ও ওই ব্যক্তিকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়।  

স্থানীয় সূত্রে অভিযোগ, প্রতি মঙ্গলবার মাটিগাড়া থেকে ফুলবাড়ি পর্যন্ত নিয়মিত এই ধরনের গোরু পাচারের ঘটনা ঘটে। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এই কাজের জন্য তাকে মাত্র ৩০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়।

তবে কাগজপত্র সংক্রান্ত প্রশ্নে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুরনো ও নতুন নথির মধ্যে গরমিল থাকা সত্ত্বেও কীভাবে এই কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছিল, তা নিয়ে উঠছে যোগসাজশের অভিযোগ।

বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনও চক্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।