রুট মার্চে ক*ড়া বার্তা, ভোট পরবর্তী হিং*সা রুখতে তৎপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ভোট পরবর্তী হিংসা প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে তৎপর হল জেলা প্রশাসন। স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রুট মার্চ করল কোচবিহার জেলা পুলিশ।

মঙ্গলবার দিনহাটার পেটলা ও মাতাল হাট এলাকায় এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে প্রশাসন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী সময়ে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

রুট মার্চ শেষে পুলিশ সুপার জানান, “ভোট পরবর্তী হিংসা রুখতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে নির্ভয়ে থাকার আবেদন জানানো হচ্ছে।”

প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরল।