বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজও প্রতিমা তৈরির উপর অনেকটাই নির্ভরশীল। তবে উপযুক্ত মাটির অভাবে সমস্যায় পড়েছেন আমতা বিধানসভা এলাকার মৃৎশিল্পীরা। বিশেষ করে এঁটেল ও বালি মাটির চাহিদা বেশি থাকলেও গত কয়েক বছরে মাটি বিক্রির একটি চক্র সক্রিয় হওয়ায় তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
প্লাস্টিকের ব্যবহার বাড়ায় কুমোরপাড়ায় আগের মতো ব্যস্ততা না থাকলেও মাটির প্রতিমার চাহিদা এখনও রয়েছে। কিন্তু মাটি সংগ্রহ করতে গিয়ে মৃৎশিল্পীরা সমস্যায় পড়ছেন। মাটি মাফিয়াদের সঙ্গে সংঘাতে যেতে না চাওয়ায় অনেকেই প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না।
এই সমস্যার সমাধানে আমতার মৃৎশিল্পীরা বিধায়ক অমিত সামন্তের দ্বারস্থ হন। তাঁদের সমস্যার কথা শুনে বিধায়ক উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, স্থানীয় থানাগুলির সঙ্গে আলোচনা করে মৃৎশিল্পীদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হবে, যাতে মাটি সংগ্রহের সময় তাঁদের কোনও সমস্যার মুখে না পড়তে হয়।
বিধায়কের এই আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মৃৎশিল্পীরা। তাঁদের আশা, নতুন উদ্যোগ কার্যকর হলে মাটি সংগ্রহের জটিলতা কমবে এবং প্রতিমা তৈরির কাজ আরও সহজ হবে।
