নদীয়ার হাঁসখালির কাটাখালি এলাকায় বুধবার রাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। কৃষ্ণনগর-রানাঘাট রুটের একটি যাত্রীবাহী লোকাল বাস রাত প্রায় ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে।
ধাক্কার জেরে বাসটি রাস্তা থেকে ছিটকে নিচে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা বহু যাত্রী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে খবর। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাঁসখালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
