এআই-চালিত ভ্রমণ প্রযুক্তিকে উন্নত করতে ট্রাভেলপোর্ট কগনিজ্যান্ট এবং অ্যানথ্রোপিকের সাথে অংশীদারিত্ব করেছে

কগনিজ্যান্ট ট্রাভেল প্রযুক্তি সংস্থা ট্রাভেল পোর্ট-এর সঙ্গে কৌশলগত এআই রূপান্তর প্রকল্পে কাজ করছে। এই উদ্যোগে আনথ্রোপিক-এর ক্লাউড এআই ব্যবহার করে ট্রাভেল পোর্ট-এর ট্রাভেল রিটেলিং ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে সফটওয়্যার তৈরি, পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পদ্ধতিকে আধুনিক করা হবে। এই সহযোগিতার লক্ষ্য হল বিমান সংস্থা, হোটেল, ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানি এবং অনলাইন ট্রাভেল এজেন্সিগুলির জন্য এআই-চালিত উদ্ভাবনের গতি বাড়ানো এবং একই সঙ্গে ট্রাভেল পোর্ট -এর প্ল্যাটফর্মে এআই ফিচার যুক্ত করা।পুরনো প্রযুক্তির উপর তৈরি বুকিং সিস্টেমগুলি বর্তমানে বাড়তে থাকা চাহিদার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। জটিল ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে এখনও মানব এজেন্টদের হাতে বহু কাজ করতে হয়, ফলে খরচও বাড়ছে। পাশাপাশি এআই  টুল ব্যবহার করে যাত্রীরা যেভাবে ভ্রমণ খুঁজছেন, বর্তমান প্ল্যাটফর্মগুলি সেই চাহিদা পুরোপুরি বুঝে পূরণ করতে পারছে না। এই সহযোগিতা বুদ্ধিমান অবকাঠামোর মাধ্যমে সেই সমস্যাগুলি সমাধান করবে এবং এআই-ভিত্তিক ভ্রমণ পরিকল্পনাকে সরাসরি নিশ্চিত বুকিংয়ে রূপান্তর করতে সাহায্য করবে।

ট্রাভেল এজেন্সি ও ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানিগুলির ক্ষেত্রে ট্রাভেল পোর্ট -এর প্ল্যাটফর্ম এজেন্টদের বহু ম্যানুয়াল কাজ কমিয়ে দেবে। দ্রুত উপযুক্ত বিকল্প দেখানো, স্বয়ংক্রিয় এক্সচেঞ্জ ও রিবুকিং এবং ভ্রমণ ব্যাহত হওয়ার সম্ভাবনা সম্পর্কিত তথ্য ওয়ার্কফ্লোতে যুক্ত করার মতো সুবিধা এতে থাকবে। উদাহরণস্বরূপ, কোনও ব্যবসায়িক যাত্রীর জন্য তুলনামূলক কম বিঘ্নের সম্ভাবনাযুক্ত রুট দ্রুত খুঁজে দেওয়া সম্ভব হবে। সংস্থার দাবি, বড় ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানিতে প্রতিদিন প্রতি এজেন্টের মাত্র এক ঘণ্টা সময় সাশ্রয় হলেও বছরে কয়েক মিলিয়ন ডলার উৎপাদনশীলতা বাড়তে পারে। অনলাইন ট্রাভেল এজেন্সিগুলির ক্ষেত্রে বর্তমানে অনেক যাত্রী এআই টুল ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনা করলেও প্রচলিত ট্রানজ্যাকশন সিস্টেম সেই চাহিদার গভীরতা বুঝতে পারে না। ট্রাভেল পোর্ট -এর এমসিপি -ভিত্তিক আর্কিটেকচার কথোপকথনের মাধ্যমে দেওয়া ভ্রমণ অনুরোধকে লাইভ অ্যাভেলেবিলিটি-সহ সরাসরি নিশ্চিত বুকিংয়ে রূপান্তর করতে সক্ষম হবে।

রবি কুমার এস বলেন, “ভ্রমণ শিল্প বিশ্বের অন্যতম জটিল প্রযুক্তিগত অবকাঠামোর উপর নির্ভরশীল। ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবে, যারা এখন থেকেই এই অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করছে। এই সহযোগিতার মাধ্যমে ট্রাভেল পোর্ট আরও দ্রুত এবং বৃহৎ পরিসরে উচ্চমানের পরিষেবা দিতে পারবে, যা পরিবর্তিত ট্রাভেল ডিস্ট্রিবিউশন ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।”