দেশের ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষিত হয়েছে। এবারও তাই হলো, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা দুর্বল হাড়ের সমস্যায় ভোগা লক্ষ লক্ষ রোগীর জন্য বড় স্বস্তির খবর দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
সংস্থাটি দৈনন্দিন চিকিৎসায় ব্যবহৃত ৩৯টি অত্যাবশ্যকীয় ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য নির্ধারণ করেছে। ফলে এই ওষুধগুলি আর নির্ধারিত দামের বেশি মূল্যে বিক্রি করা যাবে না। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন ওষুধের দাম প্রায় ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যেসব রোগীর প্রতিদিন নিয়মিত ওষুধ খেতে হয়, তাঁদের জন্য এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি নিয়ে আসতে পারে। নতুন তালিকায় এমন একাধিক ওষুধ রয়েছে, যা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যালসিয়ামের ঘাটতি, চোখের সংক্রমণ এবং জলাতঙ্কের মতো গুরুতর রোগের চিকিৎসায় নিয়মিত ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে এই ধরনের রোগের চিকিৎসা চালিয়ে যেতে হয় বলে প্রতি মাসে ওষুধের পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় অনেক পরিবারকে। ফলে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যয় উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
