সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ ছিল। বেলা বাড়তেই শহরের বিভিন্ন প্রান্তে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি চলতে থাকে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। একই সঙ্গে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তরের মতে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণে সরে গিয়ে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই সমস্ত আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার জেরে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
মঙ্গলবারের পূর্বাভাস: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবারের পূর্বাভাস: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবারের পূর্বাভাস: হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
শুক্রবারের পূর্বাভাস: পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে কোনও বিশেষ সতর্কতা নেই। তবে শনিবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিঙে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।
