ধূপগুড়ি সুপার মার্কেটে বু*লডোজার অভিযান!

সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত অস্থায়ী দোকানঘর উচ্ছেদে সোমবার ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে বুলডোজার অভিযান চালায় প্রশাসন। ধূপগুড়ি থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ব্যবসায়ীরা অস্থায়ী শেড নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন। উচ্ছেদ অভিযানের আগে ব্যবসায়ীদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য প্রায় ১৫ দিন আগে নোটিশ জারি করা হয়। পাশাপাশি সাত দিন আগেও পুনরায় দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও কয়েকজন ব্যবসায়ী স্বেচ্ছায় তাঁদের দোকানঘর সরিয়ে নেন, অনেকেই তা না করায় সোমবার প্রশাসন বুলডোজার দিয়ে অবৈধ কাঠামো ভেঙে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুপার মার্কেট চত্বরে বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ এবং শহরের কিছু ব্যবসায়ী কাঁচামাল কেনাবেচার উদ্দেশ্যে অস্থায়ীভাবে শেড নির্মাণ করে ব্যবসা পরিচালনা করতেন। উচ্ছেদ অভিযানে সেই সমস্ত অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়।