আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নে বড় পদক্ষেপ উত্তরাখণ্ডে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে রাজ্য সরকারের তরফ থেকে ইসলামিক মাদ্রাসা শিক্ষা বোর্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি মাস থেকেই এই বোর্ড কার্যত আর অস্তিত্বে থাকবে না। তার পরিবর্তে গঠন করা হয়েছে ‘উত্তরাখণ্ড স্টেট মাইনরিটি এডুকেশন অথরিটি’, যা রাজ্যের সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নতুন কাঠামোর মধ্যে আনবে। সূত্রের খবর, সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২৫০-র বেশি অবৈধ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

প্রশাসনের দাবি, এই প্রতিষ্ঠানগুলির অনেকগুলিরই কোনওরকম বৈধ নথিপত্র ছিল না এবং সেগুলিতে শিক্ষার মান নিয়ন্ত্রণেরও অভাব ছিল। এখন এই জায়গাগুলিকে আধুনিক স্কুলে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া হবে। নতুন এই নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্য শিক্ষা বোর্ডের আওতায় আনা হবে এবং ধর্মীয় শিক্ষা শুধুমাত্র নিয়মিত পাঠের পরে সীমাবদ্ধ থাকবে।