জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত বিশেষ দিন হিসাবে বিবেচিত হয়েছে। মূলত, ভারতীয় নৌবাহিনী এবার আরও একটি অত্যাধুনিক দেশীয় যুদ্ধজাহাজ পেয়েছে। বিশাখাপত্তনমের নৌ ডকইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে INS মহেন্দ্রগিরিকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন।
এই উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রীকে গার্ড অফ অনারও প্রদান করা হয়। INS মহেন্দ্রগিরি হল প্রজেক্ট-১৭এ নীলগিরি ক্লাসের ষষ্ঠ স্টেলথ ফ্রিগেট। এটি ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং মুম্বাইয়ে স্থিত মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত হয়েছে। এটি প্রজেক্ট ১৭এ-এর অধীনে MDL দ্বারা নির্মিত চতুর্থ এবং সর্বশেষ যুদ্ধজাহাজ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরির অন্তর্ভুক্তি দেশ এবং ভারতীয় নৌবাহিনীর জন্য এক গর্বের মুহূর্ত। তিনি বলেন, ‘এই আধুনিক যুদ্ধজাহাজটি সম্পূর্ণ দেশীয় নকশা ও নির্মাণের এক চমৎকার উদাহরণ এবং এটি আত্মনির্ভর ভারতের সংকল্প ও দেশের প্রতিরক্ষা শিল্প ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ক্রমবর্ধমান সক্ষমতার এক প্রমাণ।’
