বদলে গেলো নতুন নিয়ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভবিষ্যতে যাঁরা প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকতা করবেন, তাঁদের অনেকেই এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকছেন না এমনই অভিযোগ সামনে এসেছে। খাতায় নাম থাকলেও ক্লাসঘরে দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজনকে।

এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য। হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (এসসিইআরটি) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ডিএলএড কোর্সে পড়ুয়াদের উপস্থিতি এ বার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নথিভুক্ত করা হবে।

কলেজগুলির অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত শিক্ষকদের এই নির্দেশ গুরুত্ব সহকারে কার্যকর করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, পর্যাপ্ত উপস্থিতি না থাকলে আইন মেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রয়োজন হলে পরীক্ষায় বসতেও দেওয়া হবে না, এমন হুঁশিয়ারিও রয়েছে সেখানে। গোটা রাজ্যে সরকার ও সরকারপোষিত মোট ২১টি কলেজে ডিএলএড কোর্স চালু রয়েছে।