ডেটিং অ্যাপ টিন্ডারে এলো ‘অ্যাস্ট্রোলজি মোড’

আধুনিক ভারতের তরুণ প্রজন্ম এখন আর ‘সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে’ দিতে নারাজ; বরং তারা ডেটিং-এর ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক সিদ্ধান্ত নিতে বেশি আগ্রহী। এই চাহিদাকে গুরুত্ব দিয়ে বিশ্বের জনপ্রিয় ডেটিং অ্যাপ ‘টিন্ডার’ ভারতে নিয়ে এলো বিশেষ ফিচার ‘অ্যাস্ট্রোলজি মোড’। টিন্ডারের সাম্প্রতিক ‘ইয়ার ইন সোয়াইপ ২০২৫’ রিপোর্ট অনুযায়ী, ৬৪% তরুণ-তরুণী এখন ডেটিং-এ আবেগকেও প্রাধান্য দিচ্ছে। জ্যোতিষশাস্ত্র এখন কেবল ভবিষ্যৎ দেখার মাধ্যম নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম উপায় হয়ে উঠেছে। টিন্ডারের নতুন এই ফিচারে ব্যবহারকারীরা তাদের জন্ম তারিখ, স্থান ও সময় দিয়ে নিজেদের ‘বিগ থ্রি’ (সূর্য রাশি, চন্দ্র রাশি ও লগ্ন) আনলক করতে পারবেন।

এই ফিচারের মূল বৈশিষ্ট্যগুলো হলো, পার্সোনালাইজড অ্যানালিসিস যা নিজের ব্যক্তিত্ব, আবেগ ও সামাজিক বৈশিষ্ট্য সম্পর্কে গভীর ধারণা দেয়। সম্ভাব্য সঙ্গীর সঙ্গে ‘কসমিক স্পার্ক’ (যোগাযোগ, আবেগ ও আকর্ষণ) এবং এলিমেন্ট মিক্স (অগ্নি, পৃথিবী, বায়ু ও জল) যাচাই করে কম্প্যাটিবিলিটি চেক করার সুবিধাও এখানে থাকছে। কেবল লুক বা ছবির বদলে ব্যক্তিত্বের মিল দেখে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে ইন্টেনশনাল ডেটিংয়ের সুযোগ দেয় এই অ্যাপ। টিন্ডার ইন্ডিয়ার রিলেশনশিপ বিশেষজ্ঞ ডঃ চাঁদনি তুগনাইত জানান, “তরুণ প্রজন্ম এখন নিজেদের সীমানা এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে অনেক সচেতন। তারা কেবল ভাগ্যের ওপর নির্ভর না করে জ্যোতিষশাস্ত্রকে ব্যক্তিত্ব বোঝার মাধ্যম হিসেবে ব্যবহার করছে।”

টিন্ডারের পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতে সিংহ (১১.৮%) এবং বৃশ্চিক (১১.০%) রাশির ইউজার সবচেয়ে বেশি। এই নতুন ফিচারের লক্ষ্য হলো আত্ম-সচেতনতা এবং চারিত্রিক মিল দেখে তরুণদের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধন গড়ে তোলা।