ভোটের মুখে নতুন বিতর্ক – প্রার্থী কি গাড়িতে ‘এমএলএ’ বোর্ড ব্যবহার করতে পারেন? পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান দুই দলের প্রার্থীরা। আর সেখানেই ওঠে গুরুতর অভিযোগ – মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি প্রার্থী নিজের গাড়িতে ‘এমএলএ’ লেখা ব্যবহার করেছেন।
এখানেই উঠছে বড় প্রশ্ন- নির্বাচনের সময় এমনটা কি আদৌ নিয়মসিদ্ধ? নিয়ম অনুযায়ী, একজন বিধায়কের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকে, অর্থাৎ বিধানসভা ভেঙে না গেলে তিনি ওই সময় পর্যন্ত বিধায়ক হিসেবেই থাকেন। তবে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর থাকাকালীন কোনও প্রার্থী নিজের সরকারি পদমর্যাদা বা ক্ষমতার পরিচয় ব্যবহার করে প্রশাসনের ওপর প্রভাব খাটাতে পারেন না।
ফলে গাড়িতে ‘এমএলএ’ বোর্ড ব্যবহার করা নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। এই অভিযোগ ঘিরেই হাসপাতাল চত্বরে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় পুলিশ ও আধা-সামরিক বাহিনীকে। যদিও বর্তমানে পরিস্থিতি শান্ত, তবে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এখন নজর নির্বাচন কর্তৃপক্ষের দিকে। এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।
