মদ পাচারের চেষ্টা ভেস্তে দিল শিলিগুড়ি জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ৬০ বোতল বিয়ার-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশাল কুমার (২৬) এবং গৌতম রায় (৪২)। বিশাল কুমার বিহারের কাঠিহারের জোড়াবগঞ্জ এলাকার বাসিন্দা। অন্যদিকে, গৌতম রায় রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার বাসিন্দা।
জিআরপি সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে যে, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ট্রেনে করে বিপুল পরিমাণ মদ বিহারে পাচারের চেষ্টা হতে পারে। সেই খবরের ভিত্তিতে জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ ৩ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করে। কিছুক্ষণ পর সেখানে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
এরপর পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তাঁদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ এবং ট্রলি ব্যাগ থেকে মোট ৬০ বোতল বিয়ার উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের দাবি, ট্রেনে করে ওই বিয়ার বেআইনিভাবে বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের।
উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিআরপি। তাঁদের জিআরপি দফতরে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোথা থেকে ওই মদ সংগ্রহ করা হয়েছিল এবং বিহারে কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জংশন জিআরপি।
