গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল প্রধাননগর আবগারি সার্কেল। শিলিগুড়ি জংশন সংলগ্ন হিলকার্ট রোডে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার শুল্ক ফাঁকি দেওয়া সিকিমের মদ উদ্ধার করা হয়।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় অবৈধ মদ পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। প্রধাননগর আবগারি সার্কেলের আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।
উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হচ্ছিল এবং কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ মদ পাচারের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে।
