ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধন—জামাই ষষ্ঠীতে বাঙালির পারিবারিক বন্ধনে উৎসবের আবহ

আজ বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড়। হাতে পুজোর ডালা নিয়ে শাশুড়িরা পৌঁছে যান মন্দিরে, জামাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও পরিবারের সুখ-শান্তির কামনায় দেবীর কাছে প্রার্থনা করতে।

লোকবিশ্বাস অনুযায়ী ষষ্ঠী দেবীর আশীর্বাদে সন্তানের পাশাপাশি পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। সেই প্রাচীন ঐতিহ্য মেনে আজও বহু শাশুড়ি নিষ্ঠার সঙ্গে পালন করেন জামাই ষষ্ঠীর ব্রত ও পুজো। মন্দির চত্বরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। কেউ ফুল, ফল, মিষ্টি ও নানা উপাচার দিয়ে পুজো দেন, আবার কেউ পরিবারের সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। পুজো শেষে বাড়িতে জামাইকে নানা রকমের পছন্দের খাবার পরিবেশন করে আপ্যায়নেরও প্রস্তুতি নেন শাশুড়িরা।

আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলালেও, বাঙালির পারিবারিক সম্পর্কের এই মধুর ঐতিহ্য আজও একইভাবে অটুট। ভালোবাসা, শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের প্রতীক হয়ে প্রতি বছরই জামাই ষষ্ঠী উৎসব বাঙালির ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসে।