মানবিকতার অনন্য নজির—সুকান্ত বসুর উদ্যোগে জামাইষষ্ঠীতে মায়েদের মুখে ফের হাসি

জামাইষষ্ঠী মানেই মা-জামাইয়ের স্নেহের বন্ধন। আর সেই আবেগকেই অন্য মাত্রা দিল শিলিগুড়ির হাকিমপাড়ার এক ব্যতিক্রমী গণ জামাইষষ্ঠী উৎসব। এদিন বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ করে নেওয়া হয় জামাইদের। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বরণের থালা, আর স্নেহ-ভালোবাসায় আপ্যায়িত করা হয় অতিথিদের।

সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে মানবিকতা ও সম্প্রীতির বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন সমাজসেবী সুকান্ত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পিংকি বর্মণ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। আয়োজকদের মতে, যেসব প্রবীণ মা নানা কারণে পরিবার থেকে দূরে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।

এদিন জামাই বরণের মাধ্যমে সেই মায়েরাও যেন ফিরে পেলেন পারিবারিক উৎসবের আনন্দ ও আবেগ। এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সকলের মন ছুঁয়ে যায় এবং সামাজিক সহমর্মিতা ও আন্তরিকতার এক অনন্য নজির হয়ে ওঠে অনুষ্ঠানটি।