ডিম দিয়ে হরেক রকম পদ রান্না করা যায়। তবে ছুটির দিনে চেনা ডিমের কষায় একটু নতুন স্বাদ আনতে চাইলে কাজুবাদাম দিয়ে তৈরি করা যেতে পারে সুস্বাদু এই পদ। কাজুবাদাম, দই ও ক্রিমের মিশ্রণে ডিমের এই রান্নায় জমে যাবে দুপুরের ভোজ। রেসিপি সহজ।
কী কী লাগবে
৪টি ডিম
১ কাপ জলে ভেজানো কাজু
৩টি পেঁয়াজের কুচি
৩টি টম্যাটোর কুচি
আধকাপ টক দই
আধকাপ ক্রিম
২ টেবিলচামচ আদা-রসুন বাটা
দেড় চা-চামচ গোটা জিরে
১ চা-চামচ ধনেগুঁড়ো
আধ চা-চামচ হলুদগুঁড়ো
স্বাদমতো লঙ্কাগুঁড়ো
১ চা-চামচ গরমমশলা গুঁড়ো
২ টেবিলচামচ ঘি
স্বাদমতো নুন
অল্প কুচোনো ধনেপাতা
কীভাবে বানাবেন
প্রথমে ডিম সেদ্ধ করে ঠান্ডা করে অর্ধেক করে রাখতে হবে। টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভিজিয়ে রাখা কাজুবাদাম মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন। এ বার প্যানে ঘি গরম করে গোটা জিরের ফোঁড়ন দিন। পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর টম্যাটো কুচি, হলুদ, ধনে, লঙ্কাগুঁড়ো, গরমমশলা ও নুন দিয়ে রান্না করতে হবে। টম্যাটো নরম হয়ে মশলা ভালোভাবে কষে গেলে আঁচ বন্ধ করে মশলা ঠান্ডা করে মিক্সিতে মিহি করে নিন।
প্যানে আরও কিছুটা ঘি দিয়ে মশলা ঢেলে প্রায় পাঁচ মিনিট রান্না করুন। এরপর কাজুবাটা, ফেটানো দই ও ক্রিম মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজন হলে অল্প গরম জল দেওয়া যেতে পারে। ঝোল পাতলা না রেখে মাখা ধরনের রান্না চাইলে জল না দিলেও হবে। শেষে অর্ধেক করে রাখা সেদ্ধ ডিমগুলো মশলার মধ্যে সাজিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। ডিমে মশলার স্বাদ ভালোভাবে মিশে গেলে উপর থেকে কুচোনো ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
