আবাস যোজনার ‘কাটমানি’ নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পর এবার জলপাইগুড়ির পাটকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় উপভোক্তাদের লক্ষ লক্ষ টাকা ফেরত দেওয়ার ঘটনা সামনে এসেছে। থানায় অভিযোগ দায়েরের পর ডাঙ্গাপাড়া, বুথ নম্বর ১৯৬-এর একাধিক গ্রামবাসী তাঁদের নেওয়া টাকা ফেরত পেয়েছেন বলে দাবি করেছেন।
অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। পরে অভিযোগের জেরে পাটকাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা সুদীপ বছার উদ্যোগে সেই টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।
এলাকার বাসিন্দাদের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কাটমানির বিরুদ্ধে তাঁরা আরও সরব হন। টাকা ফেরতের দাবিতে তাঁদের পাশে দাঁড়ান স্থানীয় বিজেপি নেতাকর্মীরাও। টাকা ফেরত পেয়ে বহু উপভোক্তা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করে।
