নিয়ম ভাঙলেই নোটিস, জরিমানা ও ভাঙার হুঁশিয়ারি পুরনিগমের

শিলিগুড়ি শহরে বেআইনি নির্মাণ রুখতে ফের কড়া অবস্থান নিল শিলিগুড়ি পুরনিগম। পুর কমিশনার বিক্রম রাই নিজে বিভিন্ন এলাকায় গিয়ে নির্মীয়মাণ একাধিক বিল্ডিং পরিদর্শন করেন। পরিদর্শনের সময় নির্মাণের অনুমোদিত নকশা, বিল্ডিং প্ল্যান এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়।যেখানে নিয়ম লঙ্ঘনের অভিযোগ বা প্রাথমিক অসঙ্গতি ধরা পড়েছে, সেখানে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুর কমিশনার স্পষ্ট জানিয়েছেন, শহরের পরিকল্পিত উন্নয়নের স্বার্থে কোনও বেআইনি নির্মাণকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি বলেন, পুরনিগমের অনুমোদিত নকশা মেনে নির্মাণ করা বাধ্যতামূলক। কেউ যদি নিয়ম ভেঙে অতিরিক্ত তলা নির্মাণ করেন, অনুমতি ছাড়া কাজ চালিয়ে যান বা অন্য কোনওভাবে বিল্ডিং রুলস লঙ্ঘন করেন, তাহলে আইন অনুযায়ী নোটিস, জরিমানা, এমনকি প্রয়োজনে ভাঙার মতো পদক্ষেপও নেওয়া হবে। পুরনিগম সূত্রে জানা গেছে, আগামী দিনেও এই ধরনের পরিদর্শন ও অভিযান নিয়মিত চলবে। শহরের বিভিন্ন ওয়ার্ডে বেআইনি নির্মাণের অভিযোগ পেলেই দ্রুত তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুর কমিশনার বিক্রম রাই শহরবাসীর কাছেও আবেদন করেছেন, কোথাও বেআইনি নির্মাণ চোখে পড়লে তা পুরনিগমকে জানাতে। নাগরিকদের সহযোগিতায় একটি পরিকল্পিত, নিরাপদ ও নিয়ম মেনে গড়ে ওঠা শিলিগুড়ি তৈরির লক্ষ্যেই এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।