আগামী এক মাসের জন্য কেন্দ্রীয় বাহিনী থাকছে বাংলায়

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। রাজ্যে সরকার বদল হয়েছে, নির্বাচনের উত্তাপও ধীরে ধীরে স্তিমিত হচ্ছে।

তবে এখনই পুরোপুরি সরছে না নিরাপত্তা। বাংলার একাধিক জেলায় এখনও টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচন-পরবর্তী অশান্তির আশঙ্কাকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, আগামী ২০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে মোট ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, মোতায়েন থাকা বাহিনীর মধ্যে থাকবে ২০০ কোম্পানি সিআরপিএফ এবং ১৫০ কোম্পানি বিএসএফ। পাশাপাশি ৫০ কোম্পানি সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি দায়িত্বে থাকবে। তবে শুধু বাহিনী পাঠিয়েই দায়িত্ব শেষ করছে না কেন্দ্র।