দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি সরকারের আগামী দিনের রূপরেখা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যবাসীর কাছে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে উত্তরবঙ্গকে উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু।
তিনি বলেন, “আমরা সংকল্পপত্রে যা যা বলেছি, সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে, আগামী তিন মাস, ছ’মাস, এক বছরের মধ্যে আমরা মানুষের কাছে দেওয়া কথা পূরণ করব।” সরকারের উন্নয়ন পরিকল্পনায় উত্তরবঙ্গ যে বিশেষ গুরুত্ব পাবে, সে বিষয়েও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।
