দুর্নীতি দমনে একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিল নতুন রাজ্য সরকার। সেই ঘোষণারই বাস্তব প্রতিফলন দেখা গেল।

ঘুষের দাবি ও হয়রানির অভিযোগে দু’জন মোটর ভেহিক্যাল ইনস্পেক্টরকে সাসপেন্ড করল রাজ্য পরিবহণ দফতর। সেই পদক্ষেপের কথা জানিয়ে আরও একাধিক কড়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম বর্ধমানের রামপুর চেক পোস্টে একটি পণ্যবাহী ট্রাককে অন্যায়ভাবে আটক করা হয়েছিল।

চালককে অবৈধভাবে হয়রানির পাশাপাশি ঘুষের জন্য চাপ দেন দু’জন মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর। তিনি রাজি না হওয়ায় গাড়িটি বাজেয়াপ্ত করে রাজ্য সরকার কর্তৃক ইতিমধ্যেই বিলুপ্ত একটি কর বাবদ ২২ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই কড়া পদক্ষেপ নেয় পরিবহণ দফতর। অভিযুক্ত দুই আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করা হয়।