দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। এখন আবেদনের জন্য ছোটাছুটি করতে হবে না, চাইলে বাড়ি বসেই আবেদন করা যাবে।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে আবাস প্লাস ২০২৪ অ্যাপটি ডাউনলোড করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপে ঢুকে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে নিতে হবে। এরপর সব অনলাইন সার্ভিসের জন্য কিছু অনুমতি চাওয়া হবে। সেগুলি দিতে হবে। পরবর্তী ধাপে আবেদনকারীর আধার নম্বর চাওয়া হবে। তার আগে মোবাইলে Aadhaar Face RD অ্যাপটি ডাউনলোড করতে হবে।
আবেদনকারীর আধার কার্ডে দেওয়া ছবির সঙ্গে যাচাইয়ের জন্য এই অ্যাপ দরকার হয়। এরপর যথাযথ তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবাস প্লাস ২০২৪ অ্যাপের মাধ্যমে আবেদনের পর স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে ভেরিফিকেশন করা হবে। আবেদনকারী আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করা হবে। যোগ্য হলে আবেদন গ্রহণ করবে সংশ্লিষ্ট দফতর, নাহলে বাতিল করে দেওয়া হবে। আবেদনের জন্য আগামী ১৫ আগস্ট অবধি সময় রয়েছে।
