কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তি ও পরিষেবা প্রদানকারী সংস্থা কগনিজ্যান্ট চেন্নাইয়ের সিরুসেরি ক্যাম্পাসে ‘কগনিজ্যান্ট ইমার্সিভ লার্নিং সেন্টার’ (CILC)-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করল। বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য এআই-নির্ভর প্রযুক্তিগত সমাধান তৈরিতে দক্ষ কর্মী গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রায় ১ লক্ষ ৬৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রে রয়েছে ৫৮টি শ্রেণিকক্ষ, ১,৮২২টি প্রশিক্ষণ আসন, ২০৮টি বহুমুখী আসন, বৈঠকখানা, গ্রন্থাগার, ওয়ার্ক ক্যাফে এবং সহযোগিতামূলক কাজের পরিসর। এখানে আধুনিক ডিজিটাল পরিকাঠামোর পাশাপাশি প্রশিক্ষক পরিচালিত শিক্ষা, পারস্পরিক সহযোগিতা ও নতুন ভাবনার আদানপ্রদানের সুযোগ থাকবে। কয়েকটি পর্যায়ে কেন্দ্রটির পরিসর আরও বাড়ানো হবে।
কগনিজ্যান্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট, গ্লোবাল অপারেশনসের প্রধান এবং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজেশ ভারিয়ার জানান, এআই-এর মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন আনা এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য কর্মীদের দক্ষ করে তোলাই সংস্থার লক্ষ্য। নতুন কেন্দ্রটি কর্মীদের শেখা, সহযোগিতা এবং উদ্ভাবনী এআই-নির্ভর সমাধান তৈরির সুযোগ করে দেবে।
সংস্থার চিফ পিপল অফিসার ক্যাথি ডিয়াজ বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের নতুন দক্ষতা অর্জন এবং উদীয়মান প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি করতে সংস্থা বিনিয়োগ করছে। নতুন কেন্দ্রটি এআই-নির্ভর ভবিষ্যতের জন্য কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে সাহায্য করবে।
এদিকে, এআই বিনিয়োগকে ব্যবসায়িক সাফল্যে রূপান্তরিত করতে কগনিজ্যান্ট তাদের ‘ফ্রন্টিয়ার ওয়ার্কফোর্স’ মডেল এগিয়ে নিয়ে যাচ্ছে। চলতি বছরের শুরুতে সংস্থাটি ৫,০০০ জন ফ্রন্টিয়ার সার্টিফায়েড ইঞ্জিনিয়ার এবং ১০,০০০ জন ফ্রন্টিয়ার বিজনেস অপারেটর তৈরির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল। ভারতে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, কোয়েম্বাটুর, দিল্লি-এনসিআর, গিফট সিটি, হায়দরাবাদ, ইন্দোর, কোচি, কলকাতা, ম্যাঙ্গালুরু, মুম্বই, পুণে ও বিশাখাপত্তনমে কগনিজ্যান্টের কার্যক্রম রয়েছে।
এআই দক্ষতা বৃদ্ধিতে চেন্নাইয়ে নতুন প্রশিক্ষণ কেন্দ্র কগনিজ্যান্টের
