আইবিএম সমীক্ষায় ডিজিটাল সূচকে শীর্ষে ভারত

ডিজিটাল সার্বভৌমত্বের ক্ষেত্রে সমীক্ষাভুক্ত দেশগুলির মধ্যে সর্বোচ্চ ৭৯ নম্বর পেয়েছে ভারত। বিশ্বব্যাপী গড় নম্বর ৭৪। তবে নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের প্রমাণ দেওয়ার ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলি এখনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে। ২৩ নভেম্বর প্রকাশিত আইবিএমের ‘প্রুফ, নট প্রমিসেস: দ্য ডিজিটাল সভরেনটি ইনডেক্স’ শীর্ষক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৮৮ শতাংশ ভারতীয় সংস্থা নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণের প্রমাণ দিতে আত্মবিশ্বাসী হলেও মাত্র ৩৫ শতাংশ সর্বোচ্চ প্রমাণ-পরিপক্বতার মানদণ্ড পূরণ করেছে। গত তিন বছরে ৯৭ শতাংশ ভারতীয় সংস্থা অন্তত একবার ডিজিটাল সার্বভৌমত্ব সংক্রান্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেখানে বিশ্বব্যাপী এই হার ৯৪ শতাংশ। সমস্যার সম্মুখীন সংস্থাগুলির ৯০ শতাংশকে নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক প্রমাণ দিতে হয়েছে।

এআই-সংক্রান্ত সার্বভৌমত্বের সমস্যা জানিয়েছে ভারতের ৬৩ শতাংশ সংস্থা, যেখানে বিশ্বব্যাপী এই হার ৪৪ শতাংশ। ভারতের এআই ইন্টারভেনশন ইনডেক্সে প্রাপ্ত নম্বর ৬৪.৫, বিশ্বব্যাপী গড় ৬৮.১। এছাড়া, ৬৬ শতাংশ ভারতীয় সংস্থা বহিরাগত পরিষেবা প্রদানকারীদের উপর নির্ভরতার কারণে নিজেদের নিয়ন্ত্রণের প্রমাণ দিতে সমস্যার কথা জানিয়েছে। অসম্পূর্ণ নথিপত্র ও অডিটের তথ্যের অভাবও বড় চ্যালেঞ্জ।

তবে ডিজিটাল সার্বভৌমত্বের নিয়মিত পরীক্ষার ক্ষেত্রে ভারতের ৪৫ শতাংশ সংস্থা এগিয়ে রয়েছে, যেখানে বিশ্বব্যাপী এই হার ৩৩ শতাংশ। আইবিএম কনসাল্টিং ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং পার্টনার ঋষি অরোরা বলেন, এআই-এর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্থাগুলিকে নিজেদের নিয়ন্ত্রণের প্রমাণ দেওয়ার সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। ডিজিটাল সার্বভৌমত্বকে শুধু নিয়ম মেনে চলার বিষয় হিসেবে না দেখে দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ সক্ষমতা হিসেবে গড়ে তুলতে হবে।