মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল।
হলদিয়ার বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপির তালড্যাংরা মণ্ডল ৩ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন আলোক মহান্তী। তিনি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। দলের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে বাঁকুড়ার জঙ্গলমহলে গেরুয়া শিবির ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
জানা যাচ্ছে, নিজের পদত্যাগপত্রে দলের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশের পাশাপাশি ‘সাধ্য মতো ও নিষ্ঠার সঙ্গে’ কাজ করার কথা জানিয়েছেন আলোক। সেই সঙ্গেই কেবলমাত্র দলের স্বার্থে এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে দাবি করেছেন তিনি। তাঁর পরিবর্তে তালড্যাংরা মণ্ডল ৩ সভাপতি পদে কোনও নতুন মুখকে বসানোর সুপারিশ করেছেন এই নেতা।
