উচ্চশিক্ষায় ৫০০ ছাত্রীকে সহায়তা করবে কোটাক

কোটাক মাহিন্দ্রা গ্রুপের সিএসআর শাখা কোটাক এডুকেশন ফাউন্ডেশন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কোটাক কন্যা স্কলারশিপ ২০২৬ চালু করেছে। ‘ওয়ান ইন এ মিলিয়ন’ প্রচারের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া কিন্তু মেধাবী ৫০০ জন ছাত্রীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে।

২০২১ সাল থেকে এই স্কলারশিপে ২৪টি রাজ্যের ১,৫২৫ জন ছাত্রী উপকৃত হয়েছেন। নির্বাচিত ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, আর্কিটেকচার, ডিজাইন ও ইন্টিগ্রেটেড এলএলবি-সহ বিভিন্ন পেশাদার কোর্সে পড়ার জন্য কোর্স শেষ হওয়া পর্যন্ত প্রতি বছর ১.৫ লক্ষ টাকা পাবেন। পাশাপাশি মেন্টরশিপ, কেরিয়ার গাইডেন্স, শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা, লাইফ স্কিলস ও মানসিক সুস্থতা সংক্রান্ত সহায়তাও দেওয়া হবে।

এবিষয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রুপ সিএসআরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঋধি ভাটিয়া বলেন, আর্থিক অসুবিধা নয়, মেধাই যেন ছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেটাই এই উদ্যোগের লক্ষ্য। কোটাক এডুকেশন ফাউন্ডেশনের আরতি কাউলগুড জানান, বৃত্তিপ্রাপ্তদের সাফল্যের ভিত্তিতেই আরও ৫০০ জন ছাত্রীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আবেদনের জন্য উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৭৫% নম্বর, পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম এবং প্রথম বর্ষের পেশাদার কোর্সে ভর্তি হওয়া বাধ্যতামূলক। কোটাক এডুকেশন ফাউন্ডেশনের (KEF) স্কলারশিপ বিভাগ এ পর্যন্ত ৪,০০০-এরও বেশী শিক্ষার্থীকে সহায়তা করেছে। তাদের মধ্যে ২,০০০-এরও বেশী প্রাক্তন স্কলার বর্তমানে দেশের শীর্ষস্থানীয় কোম্পানি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাজীবী হিসেবে সফলতার সঙ্গে কর্মরত।