হাইকোর্টের দ্বারস্থ বিধায়ক

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে ঘিরে আইনি চাপ ক্রমশ বাড়ছে।

আগাম আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দিলীপ মন্ডলের আইনজীবী জরুরি ভিত্তিতে আবেদন জানালে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এই বিধায়ককে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে শুরু করে। বিতর্কের সূত্রপাত শুরু হয় দিলীপ মন্ডলের মন্তব্য করা একটি ভিডিওকে ঘিরে।

ভিডিওতে দিলীপ মণ্ডলকে বলতে শোনা যায়, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। এরপর বিভিন্ন থানায় বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়েরের পরই গত ১৪ মে সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পৌঁছে যায় পুলিশ ও র‍্যাফের বিশাল বাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। যদিও এলাকায় খোঁজ মেলেনি বিধায়ককের।