দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে বাংলার স্কুল শিক্ষায় একাধিক বদল আনতে এবার নতুন নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।
পড়ুয়াদের উপর পড়াশোনার অতিরিক্ত চাপ কমানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। শুধু হোমওয়ার্ক নয়, স্কুল ব্যাগের ওজন নিয়েও এবার নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। ছোট পড়ুয়াদের ক্ষেত্রে আরও বেশি ছাড় দেওয়া হয়েছে। এমনকী মিড ডে মিলের উপর জোর বাড়ানোর কথাও বলা হয়েছে নতুন নির্দেশিকায়।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও পড়ুয়ার স্কুল ব্যাগ তার শরীরের মোট ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। প্রাক-প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য কোনও ব্যাগই রাখা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন ১.৬ কেজি থেকে ২.২ কেজির মধ্যে রাখতে বলা হয়েছে।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে তা ১.৭ কেজি থেকে ২.৫ কেজি পর্যন্ত হতে পারবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য ব্যাগের সীমা রাখা হয়েছে ২ থেকে ৩ কেজির মধ্যে। অষ্টম শ্রেণিতে ব্যাগের ওজন ২.৫ কেজি থেকে ৪ কেজি পর্যন্ত হতে পারবে। নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে সেই সীমা ৪.৫ কেজি পর্যন্ত। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত ব্যাগ বহনের কথা বলা হয়েছে।
