মানি লন্ডারিং তদন্তে অভিযান, ব্যবসায়ীর বাড়িতে ইডির ত*ল্লাশি

ভোরের আলো ফোটার আগেই নদিয়ার নবদ্বীপে এক সুপারি ব্যবসায়ীর বাড়ি ও গুদামে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল প্রায় ৫টা নাগাদ নবদ্বীপের মনিপুর এলাকায় ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে পাঁচটি গাড়িতে করে পৌঁছায় ইডির দুইটি তদন্তকারী দল।

জানা গেছে, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ব্যাঙ্কের প্রতিনিধিরাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানি লন্ডারিং সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ইডি আধিকারিকরা বাড়ি ও গুদামের বিভিন্ন নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখছেন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, অশোক অধিকারী সুপারি ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। আসাম, গুয়াহাটি ও ত্রিপুরা সহ একাধিক রাজ্যে তাঁর ব্যবসা বিস্তৃত রয়েছে। সেই ব্যবসার আর্থিক লেনদেনের দিকগুলিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই গোটা বাড়ি ও গুদাম ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলাকালীন কাউকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযানের বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।