নেটফ্লিক্সে লঞ্চ ‘অপারেশন সফেদ সাগর’-এর ট্রেলার, মুক্তি ৭ অগাস্ট

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পটভূমিতে নির্মিত হাই-অল্টিটিউড এরিয়াল মিলিটারি ড্রামা সিরিজ ‘অপারেশন সফেদ সাগর’-এর ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে নেটফ্লিক্স-এ। অনি সেনের পরিচালনায় এবং অভিজিৎ সিং পারমার ও কুশল শ্রীবাস্তবের ভাবনায় তৈরি এই বিশেষ সিরিজটি আগামী ৭ অগাস্ট থেকে শুধুমাত্র নেটফ্লিক্সে সম্প্রচারিত হবে। ম্যাচবক্স শটস এলএলপি এবং ফিল গুড ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি এই সিরিজে জিম্মি শেরগিল (উইং কমান্ডার বি.এস. ধানোয়া চরিত্রে), সিদ্ধান্ত (স্কোয়াড্রন লিডার অজয় আহুজা চরিত্রে), অভয় ভার্মা, দিয়া মির্জা, প্রাজক্তা কোলি ও আদিল হুসেন সহ একঝাঁক প্রতিভাবান শিল্পী অভিনয় করেছেন।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রন’-এর অদেখা বীরত্বপূর্ণ অভিযান। এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) বি.এস. ধানোয়ার প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং বিমান বাহিনীর প্রাক্তন সেনাদের সহযোগিতায় বাস্তবের ওপর নির্ভর করে এটি তৈরি করা হয়েছে। নিখুঁত ফুটেজ পেতে ভারতীয় বিমান বাহিনীর আসল যুদ্ধবিমান, সামরিক পরিকাঠামো এবং দুর্গম ঘাঁটিতেই দৃশ্য ধারণ করা হয়েছে। এতে সেনানিদের পাশাপাশি তাঁদের পরিবারের ত্যাগ ও মানসিক লড়াইয়ের গল্পও ফুটে উঠেছে।

নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট বিভাগের ভাইস-প্রেসিডেন্ট মনিকা শেরগিল এটিকে ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী প্রযোজনা হিসেবে উল্লেখ করে বলেন, “এটি আমাদের দেশের সৃজনশীল শিল্পীদের অতুলনীয় কারুকার্য ও নিখুঁত দূরদর্শিতার প্রতীক। ভারতীয় বিমান বাহিনীর অভাবনীয় সহযোগিতা এবং দুর্দান্ত কলাকুশলীদের মেধার জোরেই এই ঐতিহাসিক মিশনটি পর্দায় জীবন্ত হয়ে উঠেছে, যা বিশ্বজুড়ে দর্শকদের গভীরভাবে স্পর্শ করবে।”