যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। দেশে অনলাইন গেমিংয়ের জনপ্রিয়তা গত কয়েক বছরে বিস্ফোরক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাই এখন স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন গেমে মগ্ন।
বিশেষত কোভিড-পরবর্তী সময়ে ঘরে বসে বিনোদনের মাধ্যম হিসেবে অনলাইন গেমিংয়ের চাহিদা দ্রুত বেড়েছে। তবে এই প্রবণতার সঙ্গে সঙ্গে বেড়েছে আসক্তি এবং আর্থিক ঝুঁকির মতো সমস্যাও। অনেক ক্ষেত্রেই এই গেমগুলি বিনোদনের সীমা ছাড়িয়ে জুয়ার রূপ নিয়েছে। বহু ব্যবহারকারী টাকা বাজি রেখে গেম খেলতে শুরু করেন, যার ফলে লক্ষ লক্ষ টাকা খোয়া যাওয়ার অভিযোগ সামনে এসেছে।
উদ্বেগের বিষয়, নাবালক-নাবালিকাদের মধ্যেও এই প্রবণতা বাড়তে দেখা গিয়েছে। অভিভাবকদের অজান্তেই তারা অনলাইন প্ল্যাটফর্মে টাকা খরচ করছিল, ফলে পারিবারিক সঞ্চয়েও প্রভাব পড়ছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার অতীতে বেশ কিছু জনপ্রিয় গেম যেমন PUBG Mobile এবং Free Fire-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও পরে এই গেমগুলির কিছু সংস্করণ ভারতীয় বাজারের জন্য নতুনভাবে চালু করা হয়, তবুও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা থেকেই যায়। সেই প্রেক্ষিতে চলতি বছর নতুন গেমিং নীতির ঘোষণা করেছে সরকার।
