উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে, যার প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একই ধরনের পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় শনিবার ও রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলবর্তী সমুদ্রে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমলেও আগামী সপ্তাহের শুরু থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির কারণে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।
