কোষ্ঠকাঠিন্য নির্মূল করবে পেঁপে! জানেন কি খাওয়ার সঠিক পদ্ধতি?

কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজে কমে না। যাঁরা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন, তাঁরাই জানেন এর যন্ত্রণা। কোষ্ঠকাঠিন্য থাকলে খাবারদাবারও মেপে খেতে হয়। তবে ডায়েট বা ওষুধ পরিবর্তন করেও তেমন উপকার না পেলে, পেঁপে খেয়ে দেখতে পারেন। পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ খাবার হজমে সাহায্য করে এবং অন্ত্রে খাবার জমে থাকার প্রবণতা কমায়। পাশাপাশি পেঁপেতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও জল, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। তবে ভালো ফল পেতে পেঁপে সঠিক নিয়মে খাওয়াও জরুরি।

কীভাবে খাবেন পেঁপে?

কাঁচা পেঁপে ও তিসি : কাঁচা পেঁপে আলু ও পটলের সঙ্গে হালকা মশলা ও কম তেলে রান্না করা যেতে পারে। রান্নার শেষে ভাজা তিসির গুঁড়ো ছড়িয়ে খেলে এটি ফাইবারের পরিমাণ বাড়ায়, যা অন্ত্র পরিষ্কারে সহায়ক।

পেঁপে ও চিয়া স্মুদি : পাকা পেঁপে, টক দই এবং ভেজানো চিয়া বীজ একসঙ্গে ব্লেন্ড করে সকালে খাওয়া যেতে পারে। এতে অতিরিক্ত চিনি না দিয়ে স্বাদ বৃদ্ধির জন্য অল্প মধু ব্যবহার করা যেতে পারে।

জোয়ান ও বিটনুনসহ পেঁপে : পাকা পেঁপের টুকরোর সঙ্গে লেবুর রস, সামান্য বিটনুন ও জোয়ান গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। এতে হজমের সমস্যা দূর হবে।

পেঁপে ও ওটসের ক্ষীর : ওটস সেদ্ধ করে তার সঙ্গে পেঁপের টুকরো মিশিয়ে ক্ষীরের মতো তৈরি করে নিন। সকালের জলখাবারে খেতে পারেন এই স্বাস্থ্যকর খাবার।

পেঁপে ও অ্যালোভেরা জুস : পাকা পেঁপের রসের সঙ্গে অ্যালোভেরা জেল ও সামান্য লেবুর রস মিশিয়ে পান করুন। এটি হজমের সমস্যা দূর করে।