লড়াইয়ের অবসান, বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতি পাওয়ার স্মৃতি উদযাপনে মেতে উঠল শিলিগুড়ি। রসগোল্লা দিবস উপলক্ষে শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেবক মোড়ে আয়োজন করা হলো বিশেষ কর্মসূচির। এদিন পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো প্রায় ২০ হাজারেরও বেশি রসগোল্লা। বাংলার ঐতিহ্যবাহী এই মিষ্টির স্বীকৃতি ও জনপ্রিয়তাকে আরও ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকাই নয়, নিজেই পথচলতি মানুষের হাতে রসগোল্লা তুলে দেন তিনি। পাশাপাশি নিজেও রসগোল্লার স্বাদ উপভোগ করেন। মন্ত্রী জানান, রসগোল্লা তাঁর অত্যন্ত প্রিয়। বাংলার এই ঐতিহ্যবাহী মিষ্টিকে ঘিরে এমন উদ্যোগের প্রশংসাও করেন তিনি। এদিনের অনুষ্ঠানে বাংলার মিষ্টিকে পর্যটনের সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন পর্যটনমন্ত্রী। তাঁর বক্তব্য, আগামী দিনে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাংলার রসগোল্লাকে বিশেষভাবে প্রমোট করার পরিকল্পনা রয়েছে। পর্যটন হাবগুলিতে রসগোল্লা রাখার পাশাপাশি বাংলার অন্যান্য খাদ্যসামগ্রীর সঙ্গেও এই মিষ্টিকে তুলে ধরা হবে। এর জন্য পর্যটন দফতরের তরফে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে, শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি বিজয় ধর এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতির স্মৃতিকে সামনে রেখে রসগোল্লা দিবস উদযাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ২০ হাজারেরও বেশি রসগোল্লা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। তাঁর কথায়, বাংলার ঐতিহ্য ও মিষ্টির গৌরবকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সব মিলিয়ে, সেবক মোড়ে এদিন শুধু মিষ্টি বিতরণই নয়, বাংলার খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপনের এক বিশেষ ছবি ধরা পড়ল। এবার পর্যটনকেন্দ্রগুলিতেও রসগোল্লাকে তুলে ধরার পর্যটনমন্ত্রীর বার্তা এই উদ্যোগে যোগ করেছে নতুন মাত্রা। বাংলার রসগোল্লা এবার পর্যটনের হাত ধরে আরও বৃহত্তর পরিচিতি পায় কি না, সেদিকেই তাকিয়ে মিষ্টিপ্রেমীরা।
বাংলার রসগোল্লাকে পর্যটনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ, শিলিগুড়িতে বিশেষ বার্তা পর্যটনমন্ত্রী শংকর ঘোষের
