ছয় তরুণ বিজ্ঞানীর নাম ঘোষণা করল ইনফোসিস প্রাইজ

আজ ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ইনফোসিস প্রাইজ বিজয়ী ছ’জন কৃতি গবেষকের নাম ঘোষণা করা হয়েছে। ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স, মানবিক ও সমাজবিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিত এবং ভৌত বিজ্ঞান, এই ছয়টি বিভাগে তরুণ গবেষকদের এই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, অনুর্ধ্ব ৪০ বছর বয়সী গবেষকদের উৎসাহিত করতে এবং তাঁদের ব্যতিক্রমী প্রতিভাকে সম্মান জানাতে ইনফোসিস ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়ে চলেছে। প্রতিটি বিভাগে বিজয়ীরা একটি স্বর্ণপদক, প্রশংসাপত্র এবং এক লক্ষ মার্কিন ডলারের (বা সমপরিমাণ ভারতীয় রুপি) আর্থিক পুরস্কার লাভ করেন।
এবারের পুরস্কারপ্রাপক বিশিষ্ট গবেষকরা হলেন অর্থনীতি বিভাগে প্রিন্সটন ইউনিভার্সিটির কার্তিক শাস্ত্রী, ইঞ্জনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগে কার্নেগি মেলন ইউনিভার্সিটির স্বরুণ কুমার, এবং মানবিক ও সমাজবিজ্ঞানে জিন্ডাল গ্লোবাল ল স্কুলের গৌতম ভাটিয়া।
এছাড়া, জীবন বিজ্ঞান বিভাগে গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটের ইশা জৈন, গণিত বিভাগে টাটা ইনস্টিটিউটের ঋদ্ধিপ্রতিম বসু এবং ভৌত বিজ্ঞান বিভাগে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের মনোজ কুমার জোশী এই সম্মান অর্জন করেছেন।
ফাউন্ডেশনের ট্রাস্টি শ্রীনাথ বাটনি, কে দীনেশ, ক্রিস গোপালকৃষ্ণান, ডঃ প্রতিমা মূর্তি এবং এস ডি শিবুলাল বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন যে, এই মেধাবী তরুণ গবেষকদের যুগান্তকারী কাজ মানবজাতির জটিল সমস্যা সমাধানে এবং বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারায়ণ মূর্তি, মোহদাস পাই, নান্দনিক নিলেকেনী এবং সলিল পারেখ সহ অন্যান্য ট্রাস্টিরাও বিজয়ীদের সাফল্য কামনা করেছেন।