মালদহে নগদ ২.৪০ কোটি উদ্ধার, ধৃ*ত তিন

ফের রাজ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ ২ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৩৮০ টাকা, প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে। টাকা গোনার জন্য তিনটি মেশিন ব্যবহার করা হয় এবং সোমবার ভোর পর্যন্ত গণনার কাজ চলে।

একইসঙ্গে খইহট্টা এলাকার একটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তাঁদের সকলের বাড়ি মালদহ থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গত মাসে দক্ষিণ দিনাজপুরে প্রায় ১,৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করেই মালদহের এই ফ্ল্যাটের সন্ধান মেলে। এরপর তাঁদের নিয়ে অভিযান চালানো হয়। ঘটনার তদন্ত চলছে।