চু*রি হওয়া অ্যাম্বুলেন্স উদ্ধার, রাতেই গ্রেফতার অভিযুক্ত

ফালাকাটা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি অ্যাম্বুলেন্স দ্রুত উদ্ধার করে সাফল্য পেল সিতাই থানার পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা যায়, ফালাকাটা হাসপাতাল চত্বর থেকে অ্যাম্বুলেন্সটি চুরি যায়।

ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের মালিক ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ আলিপুরদুয়ার ও পার্শ্ববর্তী কোচবিহার জেলার বিভিন্ন থানায় সতর্কবার্তা পাঠানো হয়। এই খবর পৌঁছায় সিতাই থানায়।

এদিকে, সিতাই থানার এএসআই প্রণব কুমার রায় তাঁর টিম নিয়ে কামতেশ্বরী সেতু এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় সন্দেহজনকভাবে একটি অ্যাম্বুলেন্সকে আটক করা হয়। পরে সেটি চুরি যাওয়া গাড়ি বলে শনাক্ত হয়। ঘটনাস্থল থেকেই ভোলা বর্মন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

ধৃতের বাড়ি ঘোকসাডাঙ্গা থানা এলাকায় বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া অ্যাম্বুলেন্স AS 19C 9239 নম্বরের। পরবর্তীতে সিতাই থানার পক্ষ থেকে ফালাকাটা থানাকে বিষয়টি জানানো হয়। চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাম্বুলেন্স উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করতে পারাকে পুলিশের সাফল্য হিসেবেই দেখছেন তদন্তকারীরা।