সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ‘দাদা’-র বায়োপিকের ফার্স্ট লুক, কবে মুক্তি পাবে ছবি?

ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্ত। সেই স্মৃতিকেই ফিরিয়ে আনল তাঁর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র প্রথম পোস্টার। সৌরভের জন্মদিনে প্রকাশ্যে এল ছবির এই পোস্টার। ‘দাদা’ সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন এই আনন্দের কথা। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৪মে।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, অভিনেতা রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভের সেই বিখ্যাত জার্সি ওড়ানোর ভঙ্গি পুনর্নির্মাণ করেছেন। পোস্টারটি নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে সৌরভ লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার। তুমি আমার মতো কভার ড্রাইভ খেলবে, দেখতে মুখিয়ে রয়েছি।” তাঁর এই বার্তা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

লাভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের শুটিং কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে। ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা। কলকাতার ইডেন গার্ডেন্স-সহ শহরের বিভিন্ন স্থানে চলছে ছবির শুটিং।