দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে সকাল থেকেই সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের দিন সকালে বাড়িতে থাকার প্রচলিত রীতি ভেঙে এদিন ভোর থেকেই একের পর এক বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তিনি।
চেতলা থেকে শুরু করে চক্রবেড়িয়া একাধিক এলাকায় গিয়ে বুথের পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল নেত্রী। বুথের বাইরে বসে দলের কর্মীদের সঙ্গে কথা বলে সরাসরি ভোটের অগ্রগতির খোঁজ নেন তিনি। এই পরিদর্শনের মাঝেই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, বাইরে থেকে আনা পর্যবেক্ষকরা তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন ও থানায় গিয়ে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, “আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। মানুষ যেন নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু যেভাবে পর্যবেক্ষকরা কাজ করছেন, তা অত্যন্ত উদ্বেগজনক।”
তিনি আরও দাবি করেন, রাতভর তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছে। নিজের মোবাইল ফোনে কিছু ছবি দেখিয়ে তিনি বলেন, “এইভাবে ভোট হলে গণতন্ত্রের ক্ষতি হয়। বিজেপির নির্দেশেই সব কিছু হচ্ছে।”
অন্যদিকে, একই এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। দুই হেভিওয়েট প্রার্থীর একই এলাকায় অবস্থান ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
