ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দিল্লিতে তোলপাড়, বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ ভবনের সামনের রাস্তা

ভোট চুরির অভিযোগ ঘিরে সোমবার রাজধানীর রাজপথে উত্তাল পরিস্থিতি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধী জোটের সাংসদরা পথে নেমে বিক্ষোভ দেখান। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে প্রতিবাদের ডাক দেয় বিরোধীরা। তবে মিছিল শুরু হতেই সংসদ ভবনের সামনে দিল্লি পুলিশ তাদের পথ আটকায়।

ব্যারিকেডে আটকে দেওয়া হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব-সহ বহু বিরোধী সাংসদকে। উত্তেজনা চরমে ওঠে যখন অখিলেশ যাদব, মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব ব্যারিকেডের ওপর উঠে পড়েন।

তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “আজ বিরোধী জোটের প্রত্যেক সাংসদ নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদ করতে নেমেছেন। কারণ, দেশের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে কমিশন।”

তৃণমূলের অভিযোগ, যদি ভোটার তালিকায় এত ভুল থাকে, তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হল? মুখ্য নির্বাচনী আধিকারিককে এ বিষয়ে জবাব দিতে হবে, না হলে পদত্যাগ করতে হবে বলে দাবি তাদের।